দীপাবলি তথা কালীপূজা উপলক্ষে আজ সোমবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন, ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে আগেই চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, বন্দরে পণ্য লোড-আনলোড এবং খালাস প্রক্রিয়া অব্যাহত আছে। এছাড়া ভারত থেকে পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো যাতে ফিরে যেতে পারে, সেজন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান নিশ্চিত করেছেন যে, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।





