ইরানি সমুদ্রবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ আরও বিস্তৃত করতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন একটি সামরিক ইউনিট গঠন করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। নতুন এই পদক্ষেপের আওতায় ইরানের স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগরকেও মার্কিন অবরোধের অধীনে আনা হচ্ছে।
সেন্টকম জানিয়েছে, ২০ জন সদস্য নিয়ে গঠিত এই বিশেষ ইউনিটটি স্থলপথ ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে ইরানে বিভিন্ন সরঞ্জাম পরিবহন প্রতিরোধে কাজ করবে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো উন্নত অস্ত্র ব্যবস্থা, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতায় থাকা উপাদান এবং অবৈধ অর্থ প্রবাহ আটকে দেওয়া। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে এই অভিযান ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নতুন এই ব্যবস্থার কারণে স্থলপথে ইরানে কোনো কিছুই আর ঢুকতে পারবে না।
মার্কিন এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এটিকে কেবল ‘কথার কথা’ বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। সংগঠনটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, মার্কিন এই টাস্কফোর্স নিজেদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হবে। প্রসঙ্গত, প্রতিবেশী সাতটি দেশের সাথে ইরানের স্থল সীমান্ত রয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার বা ৩ হাজার ৬৬০ মাইল।





