ট্রাম্পের বক্তব্যে ইরানে হামলার আশঙ্কা কমায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

Published: November 9, 2026, 4:37 am

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারে বিশ্ববাজারে তেলের দরপতন ঘটলেও হরমুজ প্রণালি সংলগ্ন বাণিজ্যিক জাহাজে হামলার পাল্টাপাল্টি অভিযোগে বাজারে উদ্বেগ এখনো পুরোপুরি কেটে যায়নি।

গ্রিনিচ মান সময় (জিএমটি) ১টা ৩৮ মিনিটে পাওয়া তেলের বাজার দর অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ হ্রাস পেয়ে ৯৭ ডলার ৪৮ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৩২ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়ায় ৯০ ডলার ৫১ সেন্টে। গত শুক্রবার লেনদেনের শেষভাগে তেলের বাজারে যে সামান্য উত্থান হয়েছিল, সোমবারে তা আবার কমে যায়। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম মোট ১৭ শতাংশ কমেছিল। বাজার গবেষণা প্রতিষ্ঠান এলএসইজির ১৯৮৮ সাল থেকে সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাস মহামারি শুরুর পর এটিই ব্রেন্টের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

মার্কিন বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হয় কি না, তার ওপরই আমেরিকার পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। সাক্ষাৎকারে নতুন সামরিক পদক্ষেপের বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘এর প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।’ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দলীয় পরাজয়ের পরপরই ট্রাম্প ইরানে নতুন করে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো মার্কিন সামরিক পদক্ষেপের লক্ষণ দেখা যায়নি। বিপরীতে ইরানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা আঘাত হানবে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্যকে তুলনামূলক সংযত বলে অভিহিত করেছেন। তবে মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর ট্রাম্পের ইরান নীতিতে স্থায়ী পরিবর্তন এসেছে নাকি এটি সাময়িক অবস্থান পরিবর্তন, বিশ্ববাজার এখন তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এর মধ্যেই বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ আবার চাহিদা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। জেপি মরগ্যানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ পুনরুদ্ধার, অন্য দেশগুলোতে উৎপাদন বৃদ্ধি এবং দুর্বল চাহিদার কারণে তেলের বৈশ্বিক সরবরাহ ব্যবহারের চেয়ে বেশি হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে বিশ্ববাজারে দৈনিক তেলের উদ্বৃত্ত ছিল ১১ লাখ ব্যারেল, যা অক্টোবরে বেড়ে দৈনিক ১৪ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।

এদিকে রোববার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জানান, ওমানের কাছাকাছি একটি নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালির মাধ্যমে ইরাকি তেল রপ্তানির সুযোগ নিশ্চিত করতে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। বার্তা সংস্থা আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান যুদ্ধ ও তেল রপ্তানিতে বিঘ্ন ঘটার কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬০০০ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর কার্যালয়ে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই হামলায় ভবনটির জানালার কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সব মিলিয়ে ইরান যুদ্ধ বন্ধের আলোচনা তেলের বাজারে কিছুটা স্বস্তি আনলেও হরমুজ প্রণালির নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা ও সরবরাহ পরিস্থিতির অনিশ্চয়তা থেকে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy