জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। গত রোববার নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে তিনি এই ঘোষণা দেন। যদি আইগনার নির্বাচিত হন, তবে তিনি জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইগনার বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার এবং তিনি সিডিইউর সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। স্থানীয় সময় আজ সোমবার সিডিইউ ও সিএসইউর এক বৈঠকে তাঁর মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে, যার মাধ্যমে তাঁর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যাবে। জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোকে (সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা এসপিডি) একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। এর আগে এসপিডি প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে।
আগামী ৩০ জানুয়ারি ফেডারেল কনভেনশনের মাধ্যমে জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি হবেন। সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাঁর দ্বিতীয় দফার মেয়াদ ২০২৭ সালের মার্চে শেষ হবে। পাঁচ বছর মেয়াদে একজন সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট থাকতে পারেন।
যদিও জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক—তিনি আইনে স্বাক্ষর করেন এবং মন্ত্রীদের নিয়োগ দেন—তবে তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেন। চলতি বছরের শুরুতেই সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। কিন্তু মের্ৎস বিকল্প প্রার্থীদের কথা বিবেচনা করায় সিডিইউর সমর্থন পেতে দেরি হয়, যা দুই দলের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিল।
৬১ বছর বয়সী আইগনার স্থানীয় রাজনীতির মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হন এবং পরবর্তীতে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে নিযুক্ত হন।





