মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেআগর সমুদ্রসৈকতে মর্মান্তিক এক দুর্ঘটনায় পুনের আট কিশোর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত প্রত্যেকের বয়স ১৬ বছর এবং তারা সবাই আলান্দির ‘উইনার্স অ্যাকাডেমি’ নামক একটি বেসরকারি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ৪৮ জনের একটি দল সৈকতে ভ্রমণে যায়। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক ছিলেন। একপর্যায়ে আটজন শিক্ষার্থী সমুদ্রে নামলে গভীরতা ও স্রোত সম্পর্কে ভুল ধারণার কারণে তারা প্রবল স্রোতে তলিয়ে যায়।
স্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠানের মালিক ভাউ মারুতি সালুঙ্খে ও তার দল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আটজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে শিক্ষা সফরের ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে নতুন নির্দেশিকা জারির ঘোষণা দিয়েছেন।





