বাংলাদেশ কোনো মাফিয়া বা বিদেশি স্বার্থের পরীক্ষাগার নয়: আজিজুল বারী হেলাল

Published: October 2, 2026, 6:21 pm

বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশ কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থের পরীক্ষাগার নয়। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো সম্ভব নয়। অরাজকতা সৃষ্টি করে জনগণের রাজনৈতিক ম্যান্ডেটকে পরাজিত করা যাবে না, কারণ দেশের ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ অধিকার একমাত্র জনগণের। কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টার মাধ্যমে জনগণের রক্তে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আজিজুল বারী হেলাল বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের সুসংগঠিত থাকতে হবে এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

খুলনা শহরের নতুন রেলস্টেশন এলাকা থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। এছাড়াও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলামসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy