নওগাঁয় করল্লা গাছ তোলা নিয়ে বিরোধে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

Published: October 2, 2026, 5:33 pm

নওগাঁর ধামইরহাটে জমির করল্লা গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় হামলায় তার ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামের প্রতিবেশী আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) সঙ্গে জমির করল্লা গাছ তোলা নিয়ে আবুল কাশেমের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় রনির পক্ষের লোকজন ধারালো চাকু দিয়ে আবুল কাশেমের কোমরের ওপরের অংশে পেছন থেকে ছুরিকাঘাত করে।

হামলাকারীদের হাত থেকে বাঁচাতে এগিয়ে এলে আবুল কাশেমের ছেলে মো. সাইদ (২২) এবং দুই ভাই মুক্তার আলী (৫০) ও বদর উদ্দিন (৫৫) আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে আবুল কাশেম মারা যান। আহত বাকি তিনজন বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy