হুথিদের হটাতে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা দিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট

Published: October 5, 2026, 2:32 am

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হটিয়ে সব ভূখণ্ড পুনরুদ্ধার এবং দেশজুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। রোববার (৪ অক্টোবর) ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি একটি টেলিভিশন ভাষণে আনুষ্ঠানিকভাবে এই বড় ধরনের অভিযানের ঘোষণা দেন।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি এবং উপকূলীয় অঞ্চলগুলো হুথিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর এই ঘোষণা এলো। সম্প্রতি হুথি ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইয়েমেন সরকারের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হলো। বিশ্লেষকদের ধারণা, ইয়েমেন সরকারের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবের সবুজ সংকেত পাওয়ার পরই প্রেসিডেন্ট আল-আলিমি এই সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছেন।

এদিকে ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ শহর তাইজের সংযোগকারী প্রধান সরবরাহ রুটটি বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা। সামরিক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, হুথি বিদ্রোহীরা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তাইজ শহরকে অবরুদ্ধ করে ফেলেছে।

এ বিষয়ে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ফেলো ফারেয়া আল-মুসলিম মন্তব্য করেছেন, হুথিরা হয়তো তাইজ শহরটি পুরোপুরি নিজেদের দখলে নিতে পারেনি, তবে এডেন থেকে তাইজকে বিচ্ছিন্ন করার যে সামরিক লক্ষ্য তাদের ছিল, তা অর্জনে তারা সফল হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের মূল রাজধানী সানা দখল করার পর থেকেই দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্যের চলমান তীব্র উত্তেজনার মধ্যে গত জুলাই মাস থেকে ইয়েমেন যুদ্ধ আবারও নতুন করে ভয়াবহ রূপ ধারণ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh