আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের উদ্যোগ নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কাজের অংশ হিসেবে আজ সোমবার রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রোববার নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময়সূচী দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে হড়গ্রাম বাজার, ভেড়িপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চণ্ডীপুর এলাকা।
দ্বিতীয় ধাপে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চণ্ডীপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।





