মেডিকেল অক্সিজেনের নিরাপদ ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী "বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬"। গত ৩ ও ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল "জার্নি টু অ্যাচিভ, ইকুইটেবল অ্যাকসেস টু মেডিকেল অক্সিজেন"। বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেসের (চিপস) সহযোগিতায় এই সম্মেলনটি সম্পন্ন হয়।
সম্মেলনের দ্বিতীয় দিন মাল্টিপারপাস হলে আয়োজিত উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। অধিবেশনে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। প্রতিমন্ত্রী জানান, সরকার প্রথমবারের মতো অক্সিজেন থেরাপিকে একটি অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, ২০২৬-২০৩০ মেয়াদে অক্সিজেন রোডম্যাপ নিয়ে কাজ করছে সরকার। এছাড়া চলতি অর্থবছরের বাজেটেই অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন ব্যবস্থাপনা তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা আগামী অর্থবছরে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সম্মেলনে বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশন ও নীতিনির্ধারণী সংলাপে অংশ নেন রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, বিএমআরসি সভাপতি অধ্যাপক সায়েবা আখতার, এসওএসবির মহাসচিব অধ্যাপক মো. মনির হোসেন খান, এপিবির সভাপতি অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত, আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শাহনেওয়াজ দেওয়ানসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা।
সম্মেলনের উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য দেন চিপসের পরিচালক ডা. এস এম মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আহ্বায়ক আহমেদ এহসানুর রহমান। এছাড়া ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ ডা. মালালয় আহমাদজাই বক্তব্য রাখেন। প্রথম দিনে "মেডিকেল অক্সিজেন নিড, প্রোডাকশন ক্যাপাসিটি অ্যান্ড সাপ্লাই" এবং "মেডিকেল অক্সিজেন এডুকেশন, রিসার্চ, মেজারমেন্ট অ্যান্ড ইনোভেশন" শীর্ষক দুটি বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি "মিট দা অক্সিজেন চ্যাম্পিয়নস" শীর্ষক বিশেষ আয়োজনে অক্সিজেন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।





