একটি উদার, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিককে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যেই দেশে সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার পাশাপাশি নেতিবাচক প্রচারণার চেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। সকলের সেই সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে।
দেশের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বন্ধন রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই সম্প্রীতি ও ঐক্য নষ্ট করার যেকোনো অপচেষ্টাকে শক্তভাবে প্রতিহত করতে হবে। এ বিষয়ে সকলকে সবসময় সচেতন থাকার অনুরোধ জানান তিনি। এছাড়া, পশ্চাৎপদ মতুয়া সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণের জন্য সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপরও জোর দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





