ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা প্রশ্ন করলে শামা ওবায়েদ এ মন্তব্য করেন। তিনি বলেন, আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং বাংলাদেশ আশা করে ভারত সরকার এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার বিষয়ে নজর দেবে।
শেখ হাসিনাসহ অন্যদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নিশ্চিত করে বলেন, অবশ্যই সম্ভব। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা যায় এবং বর্তমানে সেই লক্ষ্যেই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন নাকচ করে দিয়ে শামা ওবায়েদ বলেন, গুঞ্জনে কান দেওয়া ঠিক নয়। তিনি গণমাধ্যমকর্মীদের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর স্যান ফ্রান্সিসকো যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বরং সেখানে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং তাকে নিয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা ছিল। তিনি আরও জানান, গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন এবং চীন, মালয়েশিয়া ও জাতিসংঘ সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন।
যুক্তরাষ্ট্রের ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে আলোচনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এছাড়া হাই-টেক কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ বা যৌথ উদ্যোগে কাজ করলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিষয়ে তিনি জানান, সফরটি নির্ধারিত থাকলেও সময় ও স্থান পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে পরে জানিয়ে দেবে।





