চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের বাসিন্দা মো. কালামের বাড়ির সামনে অভিযান চালায়। অভিযানের সময় বিজিবি সদস্যরা খড়ের স্তূপের নিচে একটি কালো বালতির ভেতরে ককটেলগুলো দেখতে পান।
ঘটনার পর বিজিবি সদস্যরা এলাকাটি ঘিরে রেখে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল বালতি থেকে ১৯টি ককটেল উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।





