সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর এলাকার পীরগাছা গ্রামের প্রায় ২ কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘ দিন ধরে পাকা না করায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই সড়কটি গ্রামের ভেতর থেকে খাসরাজবাড়ী বাজার পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণ না করায় সামান্য বৃষ্টি হলেই এই সড়কে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। বৃষ্টির সময় সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়, যার ফলে চরবাসীর যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, এই সড়ক ব্যবহার করেই প্রতিদিন পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাসরাজবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার মানুষকে যাতায়াত করতে হয়। সড়কটির বেহাল দশার কারণে আধা ঘণ্টার পথ পাড়ি দিতে সাধারণ মানুষের প্রায় ২ ঘণ্টা সময় ব্যয় হয়। এছাড়া কৃষি পণ্য ও মালামাল বাজারে নিতে না পারায় স্থানীয়রা আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন এবং জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। স্থানীয়রা একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, বর্ষা মৌসুমে কাদা পেরিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়। এতে তাদের বইখাতা ও পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি মাঝেমধ্যে ছোটখাট দুর্ঘটনার শিকারও হতে হয়।
এ বিষয়ে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান জানান, সড়কটি পাকাকরণের বিষয়টি উপজেলা প্রকৌশলী বিভাগ নজরে নিয়েছে। যথাসময়ে প্রকল্প অনুমোদনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং অনুমোদন পাওয়া গেলে সরকারি নিয়ম অনুযায়ী সড়ক পাকাকরণের কাজ শুরু করা হবে।





