পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে এবং তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এ ঘটনায় সৈকত ও তন্ময় নামে আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, হাসপাতালে আনার পথেই আলমগীর প্রধানের মৃত্যু হয়। আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল, যার ফলে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়েমুচড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, তন্ময়কে প্রায় সময়ই ওই এলাকায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





