সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারালেন যুবক

Published: October 3, 2026, 10:02 am

সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ১৯ বছর বয়সী জাকারিয়া খান নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। জাকারিয়া সাতক্ষীরা সদরের বেকারি ব্যবসায়ী আবদুল গফুরের ছেলে এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহর মামাতো ভাই।

পারিবারিক সূত্র অনুযায়ী, শুক্রবার রাতে জাকারিয়া তার মামার দোকানে গিয়েছিলেন। দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে তিনি একটি জটলা লক্ষ্য করেন। সেখানে কয়েকজন তরুণকে এক দোকানদারের সঙ্গে মারামারি করতে দেখে জাকারিয়া তাদের থামাতে এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যায় থামাতে গিয়ে জীবন দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এমন ঘটনায় ভবিষ্যতে মানুষ অন্যায় দেখেও এগিয়ে আসতে ভয় পাবে। তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy