পাকুন্দিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Published: October 3, 2026, 9:00 am

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু হলো আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) এবং তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি লক্ষ্য করলে দ্রুত তাদের উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশু দুজনকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy