বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Published: October 3, 2026, 8:01 am

টাঙ্গাইলের বাসাইলে একটি নির্মাণাধীন দুতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তিনি ওই ভবনে রডের কাজ করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রবাসী আনিসের নির্মাণাধীন ভবনে রডের কাজ করার সময় রায়হান একটি রড ওপরের দিকে ওঠাতে যান। এ সময় রডটি পাশে থাকা পল্লীবিদ্যুতের লাইনের তারের সঙ্গে লেগে গেলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy