নেত্রকোনার খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড

Published: November 25, 2026, 7:44 am

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দোতলায় ইউএনওর দাপ্তরিক কক্ষে এই আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খালিয়াজুরীতে নিজস্ব ফায়ার স্টেশন না থাকায় খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভানোর জন্য চেষ্টা চালান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা দোতলায় তার কক্ষে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে তিনি বাসা থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কক্ষে আগুন জ্বলতে দেখেন। ইউএনও জানান, দোতলার কার্যালয়ে ওঠার জন্য নিচতলার প্রবেশপথে বাইরে থেকে তালা লাগানো ছিল এবং ভবনে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন। তাই প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে না। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা ভবনের সব ফটক বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy