মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

Published: November 25, 2026, 7:39 am

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো. আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা এবং তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। চব্বিশের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে থানা ভবনটি পুড়ে যায়। ঘটনার তদন্তে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে এই পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ ও হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin