ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার উদ্যোগে দিনব্যাপী মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল মশার প্রজননস্থলগুলো ধ্বংস করা।
মশক নিধন কার্যক্রম চলাকালীন উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম, কনজারভেন্সি সুপারভাইজার মো. শরিফুল ইসলাম এবং রেলস্টেশন মাস্টার জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে কেবল মশক নিধনই যথেষ্ট নয়। তাই এই কার্যক্রমের পাশাপাশি স্থানীয় নাগরিকদের নিজ নিজ বাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।





