খাগড়াছড়ি সদর উপজেলায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত একটি বিপন্ন ও দুর্লভ প্রজাতির হিমালয়ান গন্ধগোকুল পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার উপজেলার কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে মৃত বন্য প্রাণীটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে আসে।
এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার সকালে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বন কর্মকর্তারা কমলছড়ি নতুন পাড়া এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।
বীজিতলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন জানান, বিরল ও বিপন্ন এই গন্ধগোকুলটি হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাঁরা স্থানীয় বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে বন্য প্রাণীটি শিকার ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের এখনো পাওয়া যায়নি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে স্থানীয় লোকজনকে সচেতন করা হয়েছে বলেও তিনি জানান।
বন্য প্রাণী গবেষকদের মতে, হিমালয়ান গন্ধগোকুল বা হিমালয়ান সিভিট একটি অত্যন্ত বিপন্ন প্রাণী। এটি মূলত হিমালয়ী বাঘডাশ বা খাটাশ নামেও পরিচিত। এই প্রাণীর মুখে মুখোশের মতো বিশেষ দাগ থাকার কারণে একে মুখোশধারী গন্ধগোকুলও বলা হয়ে থাকে। এরা মূলত নিশাচর ও অত্যন্ত লাজুক প্রকৃতির। রাতের বেলা গাছের ডালে অবস্থান করে এরা ফলমূল, ইঁদুর ও পাখি শিকার করে জীবনধারণ করে।
এই বিপন্ন প্রজাতিটি বাংলাদেশ ছাড়াও হিমালয় অঞ্চলের দেশ নেপাল, ভুটান, ভারত এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের চিরসবুজ বনে বাস করে। বনের বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় এই প্রাণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন উল্লেখ করেন, হিমালয়ান গন্ধগোকুল একটি দুর্লভ প্রাণী এবং এটি বাংলাদেশের বন্য প্রাণী আইনে সংরক্ষিত একটি প্রজাতি।





