শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই রাখবে ইরান

Published: October 4, 2026, 5:00 pm

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। রোববার (৪ অক্টোবর) বার্তাসংস্থা নুরনিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্পিকার ঘালিবাফ বলেন, মার্কিনিরা মিডিয়ার সামনে এক কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, একপাক্ষিক দাবি চাওয়ার বা প্রক্রিয়া দীর্ঘায়িত করার সময় এখন আর নেই। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও সুদৃঢ়। জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

এর আগে রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব নিরসনে তেহরানের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াশিংটন যদি তা মেনে নেয়, তবে সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। বিদেশী দূতদের কাছে তিনি আরও বলেন, ইরান তার শর্তগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছে এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেগুলো মানতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি আশা প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা আবারও সামরিক পথে হাঁটার চেষ্টা করে, তবে ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত রয়েছে এবং আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন তা করতে প্রস্তুত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh