ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের আকস্মিক সফরের মধ্যেই ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববার সকালে সংঘটিত এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, টানা চার দিন ধরে কিয়েভের প্রধান সেতুগুলোতে এই ধরনের ড্রোন হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী।
হামলার ঘটনাটি যখন ঘটে, তখন জার্মান চ্যান্সেলর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছিলেন। পরে তারা যুদ্ধে নিহত ইউক্রেনীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফ্রিডরিখ মেৎস লিখেছেন, ইউক্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে এবং তিনি এই বার্তা দিতেই কিয়েভে এসেছেন যে, ইউক্রেন তাদের ওপর ভরসা রাখতে পারে।
রোববারের এই হামলার কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সেতুর ওপর ড্রোন আছড়ে পড়ার পর বিস্ফোরণ এবং কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। বিস্ফোরণের ফলে সেতুর ওপর বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। একই দিনে দনিপ্রোর একটি যোগাযোগ কেন্দ্রেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, গত রাতে রাশিয়া ৫২টি জেট-চালিত ড্রোনসহ মোট ১৩৫টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ১২৫টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এদিকে হামলার পর রুশ সামরিক বাহিনী জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে তারা হামলা আরও তীব্রতর করবে। এর আগে ইউক্রেনীয় সৈন্যদের ব্যবহৃত দুটি সেতুতে হামলার কথা স্বীকার করেছিল রাশিয়া।





