বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপেই আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

Published: October 4, 2026, 4:41 pm

বিচার বিভাগে সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণেই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান জামিন পাননি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে যে মামলাটি দেওয়া হয়েছে তা জামিনযোগ্য হওয়া সত্ত্বেও আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিচারকরাও তাকে ডিভিশন দিতে ভয় পাচ্ছেন। ৭৫ বছর বয়সী এই সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হওয়ার পরও তাকে কারাগারে ডিভিশন দেওয়া হয়নি এবং তার অসুস্থতা সত্ত্বেও চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। অবিলম্বে তাকে ডিভিশন দেওয়ার আদেশ কারাগারে পাঠানোর দাবি জানান জামায়াতের এই নেতা।

আখতারুজ্জামানের গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় তাকে গ্রেপ্তার করা সাধারণ কোনো ঘটনা নয়। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা ছাড়া এমনটি ঘটা সম্ভব নয়। জামায়াতে যোগ দেওয়ার আক্রোশ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আদালত চত্বরে আখতারুজ্জামানকে ঘিরে বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগও করা হয়। গোলাম পরওয়ার বলেন, সেখানে আইনজীবীরা হাতাহাতিতে জড়িয়েছেন এবং আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাওয়া তার আত্মীয়-স্বজনদের ওপরও বিএনপির নেতা-কর্মী ও আইনজীবীরা হামলা চালিয়েছেন। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের যুগে আদালতে যে ধরনের ঘটনা ঘটানো হতো, আমরা এখন তারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি।

বিমানবন্দরের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, সেখানে ট্রলি না থাকা এবং লাগেজ পেতে কয়েক ঘণ্টা পর্যন্ত দেরি হওয়ার মতো অনিয়ম নিয়ে আখতারুজ্জামান কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তিনি অভিযোগ করেন, সরকারের একজন মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে সেদিনের ঘটনা নিয়ে জাতির সামনে অসত্য তথ্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন। মন্ত্রী সৎ হলে অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, কিন্তু তা না করে একজন কর্মকর্তাকে দিয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin