নদী রক্ষা ও ভাঙন রোধে এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদ মন্ত্রী

Published: October 5, 2026, 11:46 am

বাংলাদেশের নদী তীর সংরক্ষণ, নদী ভাঙন রোধ এবং টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ধারাবাহিক সহযোগিতা কামনা করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গুণগত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে সরকার এডিবির সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লল্লা (Satya Srinivas Lolla) সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে এডিবির নির্বাহী পরিচালককে স্বাগত জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, টেকসই প্রবৃদ্ধি অর্জন, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে এডিবি আগামীতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবিকে বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। তিনি পানিসম্পদ ব্যবস্থাপনায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহায়তা, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর অনুরোধ জানান।

জবাবে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লল্লা জানান, বাংলাদেশের সাথে অংশীদারীত্ব আরও জোরদার করতে এবং একটি নতুন 'কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজি' প্রণয়নে কাজ করছে তার সংস্থা। তিনি নদী ভাঙন প্রতিরোধ, তীর সংরক্ষণ এবং টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে এডিবির আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

এই দ্বিপক্ষীয় বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মহা. এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh