রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গতকাল রোববার ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই হুমকি প্রদান করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমেইলের মাধ্যমে মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণহারে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে কাজ শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ কর্মকর্তা ফাতিউস ফাহমিদ বলেন, আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে অবহিত করেছি। তাদের কাছ থেকে আমরা প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পাচ্ছি।
হুমকি প্রদানকারী ই-মেইল বার্তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে বলা হয়, আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে যা ঘটতে চলেছে তা কেউই থামাতে পারবে না। হামলাটি আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় চালানো হবে বলে হুমকিদাতা দাবি করেছে।





