ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

Published: October 5, 2026, 12:08 pm

দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তবে নিজেদের অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য এই জনগোষ্ঠীর মানুষদেরও আরও বেশি উদ্যোগী হতে হবে। একই সঙ্গে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার তাগিদ দেন তিনি।

প্রতিনিধিদলকে আশ্বস্ত করে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।’ এ সময় তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলো সঠিকভাবে চিহ্নিত করে বাস্তবমুখী প্রকল্প গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ভূমি-সংক্রান্ত বিরোধ ও সমস্যা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের অধিকার রক্ষায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। যেকোনো সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। এ প্রসঙ্গে মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার সাম্প্রতিক ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন রাষ্ট্রপতি। তিনি আশ্বস্ত করেন যে, এ ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও মানোন্নয়নের ওপর জোর দেন রাষ্ট্রপতি। পাশাপাশি তাদের নিজস্ব সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডকে জাতীয় পর্যায়ে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আগামী পহেলা বৈশাখে বঙ্গভবনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাবের বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh