চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা এবং ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে চাঁদপুর সদর ও কচুয়া থানা পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের বাসিন্দা নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাত।
পুলিশ জানায়, এই অভিযানের সূত্রপাত হয় চাঁদপুর পৌরসভার কুড়ালিয়া এলাকার একটি নাইট চেকপোস্ট থেকে। রাতে সেখানে সন্দেহভাজন ১০ জন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ সদস্যরা। এ সময় মো. আরাফাতের ব্যবহৃত মোবাইল ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরাফাত স্বীকার করে, অস্ত্রটি প্রকৃতপক্ষে তার চাচা নাহিদের এবং সে কেবল শখের বশেই পিস্তলটির ছবি তুলে রেখেছিল।
আরাফাতের দেওয়া এই তথ্যের ভিত্তিতে ভোরে কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নাহিদের ঘরের খাটের ড্রয়ার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধারের এ ঘটনায় চাচা-ভাতিজার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।





