পিরোজপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনারটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এছাড়া জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নে বিএসবিআরের গুরুত্ব ও কার্যকারিতা নিয়েও বক্তারা আলোকপাত করেন।
সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা অর্থনৈতিক শুমারির তথ্য যথাযথভাবে ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন যে, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।





