ঢাকার কেরানীগঞ্জে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি তাজা ককটেলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি নয়াবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কালিন্দী এলাকা থেকে ককটেল নিয়ে একদল লোক নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে সরবরাহের চেষ্টা করছিল।
আটক ব্যক্তিরা হলেন কেরানীগঞ্জ মডেল থানার সিরাজনগর এলাকার শমশের আলীর ছেলে মো. আকাশ হোসেন (২১) এবং একই এলাকার দিদার হোসেনের ছেলে মো. নাজিম আহমেদ (১৯)। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় আটি নয়াবাজার মোড়ে চেকপোস্ট পরিচালনাকালে ওই চলন্ত সিএনজির গতিরোধ করা হয়। তল্লাশিকালে আটকদের সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে বালুর মধ্যে কৌশলে লুকানো অবস্থায় ২০টি তাজা ককটেল পাওয়া যায়।
অভিযানের পর আটক দুজনসহ উদ্ধার করা ককটেলগুলো থানায় নেওয়া হয়। পরে খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ (বোম্ব ডিসপোজাল) ইউনিটের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল পৌনে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকার একটি নির্জন মাঠে উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নাশকতামূলক কাজ সম্পাদনের লক্ষ্যেই কালিন্দী এলাকা থেকে এসব ককটেল সংগ্রহ করে অন্য এলাকায় সরবরাহের চেষ্টা চলছিল। আটক দুজনই নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।





