দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুনির্দিষ্ট অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা অমান্য করার কারণে তার বিরুদ্ধে এ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মো. মিজানুর রহমান মিজানের সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী যদি কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বজায় রাখেন, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিএনপি।





