শতাধিক হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করার দাবি প্রসিকিউশনের

Published: November 25, 2026, 9:40 am

আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি ট্রাইব্যুনালের সামনে এই দাবি তুলে ধরেন।

চিফ প্রসিকিউটর তার বক্তব্যে বলেন, একজন সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউল আহসানের দায়িত্ব ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তিনি উল্টো শতাধিক মানুষকে হত্যার মতো গুরুতর অপরাধে জড়িয়েছেন। প্রসিকিউটর আরও উল্লেখ করেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া অতীতে জিয়াউল আহসানকে ক্যান্টনমেন্টে 'পারসোনা নন গ্রাটা' বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। সেই প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এতগুলো হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত।

এর আগে গত মঙ্গলবার থেকে জিয়াউল আহসানের বিরুদ্ধে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে মামলার এই বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটার চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে। তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh