অবৈধ উপসচিব পদ ও সরকারি বাড়ি দখল: রিট খারিজ হাইকোর্টের

Published: November 25, 2026, 9:51 am

জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব পদ এবং সেই পদমর্যাদায় বরাদ্দকৃত সরকারি বাড়ি অবৈধভাবে দখলে রাখার অভিযোগে খায়রুল বাশারের দায়ের করা দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মো. মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি (ডিসচার্জ) করে এই আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, এই রায়ের ফলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খায়রুল বাশারকে তার পূর্বের ১০ম গ্রেডের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ বা দ্বিতীয় শ্রেণির পদে ফিরে যেতে হচ্ছে। তিনি বলেন, তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিদের প্রশ্রয়ে অযোগ্য হওয়া সত্ত্বেও তিনি উচ্চতর এই পদটি দখল করেছিলেন এবং এর ভিত্তিতে সরকারি বাড়িটিও ভোগ করছিলেন। অন্তর্বর্তী সরকার সেই অন্যায় সংশোধন করে তাকে তার প্রাপ্য অবস্থানে ফিরিয়ে দিয়েছিল, যা সুশাসনের একটি অংশ।

দীর্ঘদিন আদালতের সুরক্ষায় থাকার পর রিট খারিজ হওয়ায় তাকে এখন মূল জায়গায় ফিরে যেতে হচ্ছে। খায়রুল বাশারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা অবৈধভাবে ভোগ করা সুবিধা ফেরত নেয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত কর্তৃক তার উচ্চতর পদে থাকার বিষয়টি অবৈধ প্রমাণিত হয়েছে, তাই তিনি তার যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট অবস্থানেই থাকবেন।

মামলার বিস্তারিত তুলে ধরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী জানান, খায়রুল বাশার ১৯৯৮ সালে অস্থায়ীভাবে ‘সাঁটমুদ্রাক্ষরিক’ পদে যোগ দিয়ে ২০০১ সালে স্থায়ী হন। পরে ২০১৬ সালে তিনি ১০ম গ্রেডের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদে পদোন্নতি পান। এরপর তাকে অবৈধভাবে ‘কমিটি অফিসার’ এবং পরবর্তীতে জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব করা হয়। উপসচিব থাকাকালীন তিনি একটি সরকারি বাড়িও দখল করেছিলেন বলে তিনি জানান। অন্তর্বর্তী সরকারের সময় উপসচিব হওয়ার প্রক্রিয়াটি অবৈধ বিবেচিত হওয়ায় তাকে ব্যক্তিগত কর্মকর্তা পদে ফিরিয়ে নেয়া হয়েছিল, যা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুটি রিটই খারিজ করে দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin