দেশের রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকে আমানতের বন্যা বইলেও সে তুলনায় নতুন ঋণ বিতরণ আশঙ্কাজনকভাবে কমেছে। এক বছরে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা (একক অঙ্কে ৫১,৭৮৪ কোটি টাকা)। তবে একই সময়ে এই ব্যাংকগুলোতে মোট ঋণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫০০ কোটি টাকা। এতে ব্যাংকগুলোর আমানত ও ঋণের অনুপাত (এডিআর) কমে যাওয়ার পাশাপাশি চরম আয়সংকটের ঝুঁকি তৈরি হয়েছে।
এর পাশাপাশি ছয়টি সরকারি ব্যাংকের মধ্যে চারটিই বর্তমানে বড় ধরনের মূলধনঘাটতিতে ভুগছে। গত ৩০ জুন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, এসব ব্যাংকের সম্মিলিত মূলধনঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৭ শত ৫৫৬ কোটি টাকা। শুধু জনতা ব্যাংকেরই একক মূলধনঘাটতি রয়েছে ৬৬ হাজার ৮১১ কোটি টাকা। বিপরীতে সোনালী ব্যাংকের ১ হাজার ১২৭ কোটি টাকা এবং বিডিবিএলের ৪১৮ কোটি টাকার মূলধন উদ্বৃত্ত রয়েছে। এমন নাজুক বাস্তবতায় কম সুদের আমানত সংগ্রহ, ঋণের গুণগত মান বাড়ানো এবং নির্ধারিত সময়ের মধ্যে খেলাপি ঋণ আদায়ের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ঢাকার সচিবালয়ে ১৮ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে ব্যাংকগুলোর ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ের আর্থিক অবস্থা নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে তুলে ধরা হয় যে, গত জুন পর্যন্ত ছয়টি ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ। খেলাপি ঋণের হারে শীর্ষে থাকা জনতা ব্যাংকের মোট ঋণের ৬৯ দশমিক ৯৭ শতাংশই এখন খেলাপিতে পরিণত হয়েছে।
পর্যালোচনায় আরও দেখা যায়, এই ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮ শতাংশই আটকে আছে ব্যাংকভিত্তিক শীর্ষ ২০ খেলাপির কাছে। মোট ১২০ জন শীর্ষ খেলাপির কাছে ব্যাংকিং খাতের আটকে থাকা অর্থের পরিমাণ ৯১ হাজার ১৬৫ কোটি টাকা। বিশেষ করে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশই শীর্ষ ২০ খেলাপির দখলে। অন্যদিকে খেলাপি ঋণ আদায় পরিস্থিতিও হতাশাজনক; ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে নগদ আদায় হয়েছে ২ হাজার ১৫৬ কোটি ৮০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার মাত্র ১৭ শতাংশ। আর অবলোপনকৃত ঋণ থেকে আদায় হয়েছে ১৭১ কোটি ১৫ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ২৯ শতাংশ।
দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ১৭ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। টানা সাত মাস ধরে এই প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে অবস্থান করছে। বৈঠকে জানানো হয়, আমানতকারীদের নিয়মিত সুদ দিতে হলেও সেই অর্থ ঋণ হিসেবে বিনিয়োগ করে সুদ আয় করতে না পারলে ব্যাংকগুলোর মুনাফায় নেতিবাচক চাপ সৃষ্টি হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স্পষ্ট জানিয়েছে, কেবল মূলধন জোগান দিয়ে সংকটের সমাধান হবে না; অতীতে ঋণ বিতরণের অনিয়ম ও দুর্বলতা দূর না করলে নতুন মূলধনেও কোনো লাভ হবে না।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান জানান, তাদের ব্যাংকে বিপুল আমানত এলেও পরিস্থিতির কারণে সমপরিমাণ ঋণ দেওয়া কঠিন ছিল। তবে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তারা ২৮ হাজার কোটি টাকার নতুন ঋণ বিতরণ করেছেন এবং আগামী ডিসেম্বরের মধ্যে মোট ঋণ স্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যাংকটির আমানত ১ লাখ ৬৯,৩৮৮ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৯৭,৩৪৯ কোটি টাকায় উঠলেও ঋণ ৮৯,৭৮৩ কোটি থেকে কমে ৮৬,৪৩২ কোটি টাকায় নেমেছে, যদিও ঋণ দেওয়ার সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১,৬৯৪ কোটি টাকা।
অন্যান্য ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকের আমানত ১ লাখ ১৮,৬২৫ কোটি থেকে বেড়ে ১ লাখ ৩০,৮৫৭ কোটি টাকা এবং ঋণ ৯৫,৮৯৮ কোটি থেকে বেড়ে ১ লাখ ৮৭৬ কোটি টাকা হয়েছে। অগ্রণী ব্যাংকের আমানত ১ লাখ ৮,৬১৭ কোটি থেকে বেড়ে ১ লাখ ১৬,৯৭২ কোটি টাকা হলেও ঋণ এক বছরে ৭২ হাজার ৯৩৭ কোটি টাকা থেকে বেড়ে ৭৩ হাজার ৬৭ কোটি টাকা হয়েছে। রূপালী ব্যাংকের আমানত কিছুটা কমে ৭২,৬৩৬ কোটি টাকা হলেও ঋণ ৪৬ হাজার ৫২২ কোটি টাকা থেকে বেড়ে ৪৭,৯০৬ কোটি টাকা হয়েছে। বিডিবিএলের আমানত ৩,৩১৫ কোটি টাকা হলেও ঋণ ২ হাজার ১৩০ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার ২০২ কোটি টাকা হয়েছে। আর বেসিক ব্যাংকের আমানত ১৬,৯৭৮ কোটি টাকা এবং ঋণ ১২ হাজার ৫৩৯ কোটি টাকা থেকে কমে ১২ হাজার ২৮ ৪ কোটি টাকায় নেমেছে।
চলতি পরিস্থিতি নিয়ে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী জানান, প্রথমত বাজারে ঋণের সার্বিক চাহিদা কম, দ্বিতীয়ত ব্যাংকের স্থিতিপত্র স্বচ্ছ রাখতে ঋণ অবলোপন করা হচ্ছে। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপের ফলে আগামীতে বেসরকারি খাতে ঋণের চাহিদা ও প্রবৃদ্ধি উভয়ই বাড়বে, যা ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নইলে আমানত বাড়লেও অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশিত গতি আসবে না।.২০২৫ সালের জুনে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মোট আমানত ছিল ৪ লাখ ৮৬ হাজার ৩৪৩ কোটি টাকা।
২০২৬ সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১০৭ কোটি টাকা।





