নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব নিয়ে সেমিনার

Published: November 25, 2026, 1:29 pm

জাতীয় বাজেটের বিভিন্ন বিধান কীভাবে সরকারি ও করপোরেট খাতকে প্রভাবিত করে, তা নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ৮০১-এ গত শনিবার (২১ নভেম্বর ২০২৬) ‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক এ আলোচনার আয়োজন করা হয়। এনএসইউ এমবিএ/ইএমবিএ প্রোগ্রামস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (এনএসইউ ইয়েস!) যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার। আলোচনায় সরকারি ব্যয় পরিচালনা, রাজস্ব আহরণ, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং করপোরেট কাঠামোর ওপর জাতীয় বাজেটের প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এর মাধ্যমে নীতি নির্ধারণী পর্যায় ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর মতবিনিময়ের একটি সুযোগ তৈরি হয়। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম এ কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সেশন চেয়ারের দায়িত্বে ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেন। এ লক্ষ্যে তিনি ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচিতে কর প্রণোদনা প্রদান, বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান কর্তৃক গবেষণায় অর্থায়ন বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক উদ্ভাবনী অবকাঠামোতে বিনিয়োগ সম্প্রসারণের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এছাড়া একাডেমিক আলোচনায় যুক্ত ছিলেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক এ কে এম আতিকুর রহমান।

সেমিনারে একটি আকর্ষণীয় প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের অর্থনীতি ও করপোরেট পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন ও প্রশ্ন করেন। উঠে আসা প্রশ্নগুলোতে একাডেমিক পড়াশোনার সাথে শিল্প খাতের বাস্তবিক চাহিদার ফারাক, কর্মসংস্থানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর ও ইতিবাচক প্রভাব এবং মধ্যম আয়ের পরিবারগুলোর অর্থনৈতিক টানাপোড়েনের বিষয়গুলো প্রাধান্য পায়।

শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বটি যৌথভাবে সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এফ জে মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব অধ্যাপক মো. মোখলেছ উর রহমান।

এর আগে এনএসইউর এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক অধ্যাপক নাজলী সিদ্দিকীর সূচনা বক্তব্য ও সেশনের উদ্দেশ্য তুলে ধরার মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়। পরিশেষে হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সিনিয়র লেকচারার এবং এনএসইউ ইয়েসের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মির্জা এম ফেরদৌসের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেশনটি শেষ হয়। সেমিনার শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo