ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় আনুষ্ঠানিকভাবে তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রসঙ্গত, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে মোট ৩৭টি দেশ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এই গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার ফলে আইপিইউতে এই অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব এবং সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশের আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো।
উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগদানের উদ্দেশ্যে রবিবার (৪ অক্টোবর) ঢাকা ত্যাগ করেন। তানজানিয়ার আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।





