তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান স্পষ্টভাবে জানিয়েছেন যে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন।
সাক্ষাৎকালে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা যেমন নিশ্চিত করা প্রয়োজন, তেমনি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও সরকার সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় চলছে। তিনি আরও বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তবে এ ক্ষেত্রে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশনস (অফকম) এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে।
সাক্ষাৎকালে সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।





