জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখার পাশাপাশি শহীদ ও আহত ব্যক্তিদের অধিকার, মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 'জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স' নামের এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। সোমবার এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
সংগঠনটির তিন সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এনসিপির বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত এই আংশিক কমিটি আগামী এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান গত মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছিলেন।
জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির পাঁচজন কেন্দ্রীয় নেতা। তাঁদের মধ্যে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সারজিস আলম। এছাড়া উপদেষ্টা পরিষদের বাকি তিন সদস্য হলেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম এবং দলটির নেতা আরমান হোসাইন। জুলাইয়ের শহীদ ও আহতদের অধিকার নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





