দুই দিনের ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, শোকে স্তব্ধ চট্টগ্রাম

Published: November 9, 2026, 11:52 am

চট্টগ্রামে মাত্র দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন মোহাম্মদ কবির ও তার স্ত্রী আমেনা বেগম। সন্তানদের বাঁচাতে টানা দুই সপ্তাহ হাসপাতালের বারান্দায় ঘুরেও শেষ পর্যন্ত তাদের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে এই দম্পতিকে। সোমবার সকালে চট্টগ্রামের মোমিনবাগ কবরস্থানে বড় ছেলের কবরের পাশেই ছোট ছেলেকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, কবির-আমেনা দম্পতির বড় সন্তান হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ আরাফাত (১০) জ্বর, কাশি ও বমিতে আক্রান্ত হওয়ার পর তার শরীরে হাম ও ডেঙ্গু শনাক্ত হয়। তাকে সাউদার্ন হাসপাতালে চার দিন, মেরিন সিটি হাসপাতালে দুই দিন এবং ইমপেরিয়াল হাসপাতালে চার দিন আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। সবশেষে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ছেলে ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর আরবও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ডেঙ্গুর পাশাপাশি তার শরীরে হাম ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকেও বিভিন্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোহাম্মদ কবির একটি বেসরকারি ফার্মে চাকরি করেন এবং আমেনা বেগম গৃহিণী। সন্তানদের বাঁচাতে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন তাঁরা। একদিকে সন্তানের চিকিৎসার ব্যয় মেটানো, অন্যদিকে সন্তান হারানোর আশঙ্কা—দুই দিক থেকেই এক কঠিন সময় পার করেছেন তাঁরা। সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে করতে হয়েছে অনেক ধারদেনা। কিন্তু এত চেষ্টা, এত দৌড়ঝাঁপ ও আকুতির পরও কোনো সন্তানকেই বাঁচাতে পারেননি এই হতভাগ্য দম্পতি।

সোমবার সকালে ছোট ছেলের মরদেহ নিয়ে মোমিনবাগ কবরস্থানে যান বাবা-মা। সেখানে বড় ছেলের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় ছোট ছেলেকে। দুই সন্তানকে পাশাপাশি দাফন করার পর বুকভাঙা কষ্ট নিয়ে বাবা কবির বলেন, ‘আমার ছোট ছেলেটাও চলে গেল। আমি কী নিয়ে থাকব এখন? এক ঘরে এক বেডে পাশাপাশি ঘুমানোর পরিবর্তে এখন পাশাপাশি কবরে ঘুমাচ্ছে আমার কলিজার টুকরা দুটি।’ দুই সন্তানকে হারানোর গভীর শোকের পাশাপাশি চিকিৎসার জন্য করা ঋণের পাহাড় এখন এই অসহায় পরিবারটির সামনে এক নতুন সংকট তৈরি করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh