দেশে লবণের অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা দূর করার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এর অংশ হিসেবে লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তির বিস্তার এবং মাঠপর্যায়ে প্রতি মণ কাঁচা বা অপরিশোধিত লবণের সর্বনিম্ন পাইকারি দর ৪২৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এছাড়া আয়োডিনযুক্ত ভোজ্য লবণের বর্তমান বাজারমূল্য ও উৎপাদন খরচ পর্যালোচনা করে দর পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে দেশে অপরিশোধিত লবণের মোট চাহিদার পরিমাণ ধরা হয়েছে ২৫ লাখ ৩৪ হাজার টন। অথচ এর আগের ২০২৫-২৬ অর্থবছরে দেশে উৎপাদন হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৯২৬ টন। ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় দেশে লবণের ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতি মিটিয়ে স্বনির্ভরতা অর্জন এবং আমদানির ওপর নির্ভরতা কমাতেই দেশীয় উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত লবণের চাহিদা নিরূপণ, উৎপাদননীতি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় উৎপাদন পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে লবণ মিল মালিক, চাষি প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীদারদের মতামতের ভিত্তিতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৮২ হাজার টন অপরিশোধিত লবণ মজুত ছিল। এর মধ্যে মাঠে ৩ লাখ ২০ হাজার টন এবং মিল পর্যায়ে ১ লাখ ৬২ হাজার টন মজুত রয়েছে। চলতি নভেম্বর মাস থেকে নতুন লবণ উৎপাদন মৌসুম শুরু হওয়ায় উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষিদের ন্যায্যমূল্য প্রদানের বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন নীতিনির্ধারকেরা।
মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা লবণ উৎপাদনে গড়ে খরচ হয় ৮ টাকা ৫৫ পয়সা, যা মণপ্রতি দাঁড়ায় ৩৪২ টাকা। অথচ গত ১৭ অক্টোবর পর্যন্ত মাঠপর্যায়ে লবণচাষিরা প্রতি মণ লবণ বিক্রি করতে পেরেছেন গড়ে মাত্র ৩৪৪ টাকায়। ফলে উৎপাদন খরচের তুলনায় চাষিদের হাতে সামান্য অর্থই থাকছে, আর মাঠ থেকে মিল পর্যন্ত পরিবহন খরচ যুক্ত হয়ে পুরো প্রক্রিয়ায় ব্যয় আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে লবণচাষি কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রতি মণ কাঁচা লবণের দাম ৪২৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাবের ভিত্তিতেই অপরিশোধিত লবণের সর্বনিম্ন পাইকারি দর ৪২৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
এদিকে ভোজ্য লবণের দর পুনর্নির্ধারণের অংশ হিসেবে ২০২১ সালের আয়োডিনযুক্ত লবণ আইন অনুযায়ী গঠিত জাতীয় লবণ কমিটির মাধ্যমে সামগ্রিক উৎপাদন খরচ যাচাই করা হবে। পর্যালোচনা শেষে প্রয়োজনীয়তা দেখা দিলে পরবর্তীতে আয়োডিনযুক্ত ভোজ্য লবণের বাজারমূল্য পুনর্নির্ধারণের বিষয় বিবেচনা করা হবে। পাশাপাশি দেশীয় উৎপাদন ত্বরান্বিত করতে চাষিদের আগাম চাষে উৎসাহিত করা এবং লবণ চাষের উপযোগী নতুন এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ প্রদান, বিশেষ ঋণ কর্মসূচি পরিচালনা এবং তফসিলভুক্ত ব্যাংকের মাধ্যমে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০: ৩৪আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০: ৩৪





