ফ্রান্সে ১ ডিসেম্বর থেকে ন্যূনতম মজুরি বাড়ছে ১.৬ শতাংশ

Published: November 10, 2026, 2:54 am

ফ্রান্সের সরকার জাতীয় ন্যূনতম মজুরি ১ দশমিক ৬ শতাংশ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। বর্তমানে দেশটিতে ন্যূনতম মাসিক নিট মজুরির পরিমাণ ১ হাজার ৪৭৭ দশমিক ৯৩ ইউরো, যা নতুন এই সিদ্ধান্তের ফলে বেড়ে ১ হাজার ৫০২ ইউরোতে উন্নীত হবে। এর ফলে এই মজুরিতে কর্মরত শ্রমিকেরা মাসে প্রায় ২৪ ইউরো অতিরিক্ত আয় করতে পারবেন।

সোমবার (৯ নভেম্বর) প্যারিসের মাতিনিয়োঁতে আয়োজিত এক সামাজিক সম্মেলনে শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর উপস্থিতিতে শ্রমমন্ত্রী জঁ-পিয়ের ফারান্দু জানান, এই ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির হার নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতির ভিত্তিতে প্রায় ১ শতাংশ স্বয়ংক্রিয় সমন্বয় এবং সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়েছে। সাধারণত ফ্রান্সে প্রতি বছরের ১ জানুয়ারি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পুনর্নির্ধারণ করা হয়, তবে এবার সরকার সেই সময় এগিয়ে এনে ১ ডিসেম্বরে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

শ্রমমন্ত্রী আরও জানান, জানুয়ারি, জুন ও ডিসেম্বরের সমন্বয় মিলিয়ে ২০২৬ সালে ফ্রান্সে ন্যূনতম মজুরি মোট ৫ দশমিক ৩ শতাংশ বাড়বে, যার ফলে বছরের শুরু থেকে মাসিক নিট মজুরি প্রায় ৭৫ ইউরো বৃদ্ধি পাবে। ফ্রান্সে আইন অনুযায়ী পূর্ণকালীন ৩৫ ঘণ্টার কর্মসপ্তাহের ভিত্তিতে এই ন্যূনতম মজুরি (এসএমআইসি) হিসাব করা হয়।

তবে সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেনি দেশটির শ্রমিক সংগঠনগুলো। সিএফডিটি সংগঠনের সাধারণ সম্পাদক মারিলিজ লেয়োঁ জানিয়েছেন, ঘোষিত এই বৃদ্ধি তাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কারণ তারা মাসে ১০০ ইউরো বৃদ্ধির দাবি জানিয়েছিল। একইসঙ্গে সিজিটি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সোফি বিনে সরকারের এই ঘোষণাকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছেন। সিজিটি ১০ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মজুরি নিয়ে চলমান অসন্তোষের জেরে আগামী ১৭ নভেম্বর নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

এর ফলে মাসিক নিট মজুরি দাঁড়াবে ১ হাজার ৫০১ দশমিক ৬ ইউরো, যা পূর্ণ ইউরোতে হিসাব করে ১ হাজার ৫০২ ইউরো নির্ধারণ করা হয়েছে।সাধারণত মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ফ্রান্সে প্রতি বছরের ১ জানুয়ারি ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin