তুরস্কে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর অবকাশে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এবং মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহামেদ এক বৈঠকে মিলিত হয়েছেন। গত বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় এই সাক্ষাতের আয়োজন করা হয়। এমিনে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের স্ত্রী এবং সাজিদা মোহামেদ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সহধর্মিণী।
বৈঠক শেষে এমিনে এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে দুই দেশ ভিন্ন হলেও প্রকৃতির প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার উপলব্ধি অভিন্ন। কপ৩১ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত সাজিদা মোহামেদের সঙ্গে এই সর্বজনীন প্রকৃতি ও পরিবেশগত দায়িত্ববোধ নিয়ে আলোচনার সুযোগ হয়েছে বলেও জানান এমিনে এরদোয়ান।
উল্লেখ্য, প্রথমবারের মতো তুরস্কের আয়োজনে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন গত সোমবার আন্তালিয়ায় শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৯৬টি পক্ষ অংশগ্রহণ করছে। এছাড়া বুধ ও বৃহস্পতিবার প্রেসিডেন্ট এরদোয়ানের আয়োজনে অনুষ্ঠিত নেতাদের শীর্ষ সম্মেলনে ছয়টি মহাদেশের ৯৫টি দেশের ১০০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।





