ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি বিদ্যালয়ে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই সতর্কবার্তার পর শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং স্কুলগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় একই ধরনের বিদেশি ই-মেইল স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিভিন্ন স্কুলেও পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক ও সম্প্রচারমাধ্যমে একের পর এক সাইবার হামলা ও হুমকির ধারায় এটি সর্বশেষ ঘটনা।
রয়টার্সের যাচাই করা হুমকি বার্তার একটি কপিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও লক্ষ্যবস্তু করার হুমকি ছিল। তবে প্রধানমন্ত্রী মেলোনি জানিয়েছেন, এতে বড় কোনো ঝুঁকির সম্ভাবনা নেই এবং দেশটির নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। ই-মেইলগুলোতে ‘মিখাইল আন্দ্রোপভ’ নামের এক স্বঘোষিত কাল্পনিক নেতার স্বাক্ষর পাওয়া গেছে।
ইউরোপীয় কর্মকর্তাদের একাংশের সন্দেহ, ইউক্রেনকে সহায়তা করার কারণে ইউরোপের দেশগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে রাশিয়া এসব ঘটাচ্ছে। আবার প্যারিসের সুপারমার্কেটে সাইবার হামলার পর ইরানের দিকেও সন্দেহের আঙুল উঠেছে। তবে রাশিয়া ও ইরান উভয় দেশই এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, এ ধরনের হুমকির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে ভীতি ও উদ্বেগ ছড়িয়ে দেওয়া। এটি কোনো শত্রুভাবাপন্ন রাষ্ট্রের কাজ হতে পারে, আবার কেবল দৃষ্টি আকর্ষণের চেষ্টায় থাকা মানসিক বিকারগ্রস্তদের কাণ্ডও হতে পারে। দেশটির স্কুল অধ্যক্ষদের সমিতির মতে, হুমকিগুলো নিশ্চিতভাবেই ভুয়া হলেও এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মানসিক শান্তি ও নিয়মিত শিক্ষা কার্যক্রম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।





