জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে আলোচনা শেষ হবে: অর্থমন্ত্রী

Published: November 11, 2026, 1:34 pm

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান কর্মসূচির আওতায় আলোচনা ও কাজ আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আইএমএফের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি সঠিক পথেই রয়েছে এবং ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আয়কর আদায়ে ১৪ শতাংশের বেশি এবং কাস্টমস রাজস্বেও প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এর কারণ হিসেবে তিনি জানান, ত্রৈমাসিক রিটার্ন পদ্ধতি চালু হওয়ার ফলে এক মাসের তথ্যের পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া সম্ভব হয়নি। দ্রুতই ভ্যাট আদায়েও প্রবৃদ্ধি আসবে বলে তিনি আশা করছেন।

প্রথম প্রান্তিকের তথ্য দিয়ে পুরো বছরের পরিস্থিতি বিচার করা সঠিক হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিক পার হওয়ার সঙ্গে সঙ্গে রাজস্ব আদায়ের চিত্র আরও উজ্জ্বল হবে। সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা পূরণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সব কিছুই হিসাব-নিকাশ করেই করা হচ্ছে এবং কোনো কিছুই হিসাবের বাইরে নয়।

সরকারি ব্যয়ের বিষয়ে মন্ত্রী বলেন, জনগণের করের টাকা যাতে অপচয় না হয় এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়টি মাথায় রেখেই ব্যয় পরিকল্পনা করা হচ্ছে। প্রতিটি ব্যয়ের বিপরীতে মূল্য থাকতে হবে, বিনিয়োগ থেকে সুফল বা মুনাফা আসতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সরকার এসব বিষয় বিবেচনায় রেখেই প্রতিটি ব্যয় পর্যালোচনা করছে।

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এটি কেবল ঋণের কিস্তি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামগ্রিক কর্মসূচি। আইএমএফের পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে কর্মসূচি নিয়ে কাজ চলছে। এছাড়া সরকার বিভিন্ন ধরনের বন্ড নিয়েও কাজ করছে। সব মিলিয়ে জানুয়ারির মধ্যে বাংলাদেশ এই কর্মসূচির আওতায় অর্থায়ন পাবে বলে তিনি প্রত্যাশা করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh