ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Published: November 10, 2026, 3:44 am

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া নামের একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ড শুরু হয়। আগুনের পর সৃষ্ট তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অন্তত ৬৩ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের অন্যতম। চিকিৎসকদের তথ্যমতে, ইউসুফ ও খাইরুলের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ঘন ধোঁয়ার মধ্যে আটকে পড়ার কারণে শিক্ষার্থীদের শ্বাসনালীতে গুরুতর জখম হয়েছে। তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় মোট ৬৩ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৩টা ৪০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়। কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin