ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের হিমায়িত খাদ্যসামগ্রী নষ্ট করার উদ্দেশ্যে চালানো সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে ফরাসি সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো অভিযোগ করেছেন, গত মাসে শত শত সুপারমার্কেটের ফ্রিজার ও রেফ্রিজারেশন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার এই নজিরবিহীন নাশকতার পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্টতা রয়েছে। তিনি এই ঘটনাকে জাতীয় স্বার্থ ও ফরাসি জনগণের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেছেন।
ফরাসি সরকারি কৌঁসুলি লর বেকুও জানিয়েছেন, 'শহিদ কাভেহ' নামে পরিচিত আইআরজিসির একটি সাইবার ইউনিটের প্রধান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হয়, এই হ্যাকার দলটি সরাসরি ইরানি সরকারের নির্দেশে কাজ করে। এই ঘটনার প্রতিবাদে প্যারিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী বারো হুঁশিয়ারি দিয়েছেন যে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ প্রয়োজনীয় ও আনুপাতিক ব্যবস্থা নেওয়া হবে।
গত ১১ অক্টোবর হ্যাকাররা ডেনমার্কের কোম্পানি ড্যানফসের তৈরি সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে এই হামলা চালায়। এর ফলে কোঅপারেটিভ ইউ, ইন্টারমার্শে, নেটোর মতো ব্র্যান্ডের ১৮০টি দোকানসহ বিভিন্ন সুপারমার্কেটে ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়, যা বিপুল পরিমাণ খাবার নষ্ট করে। এ ছাড়া ক্যারফুর, মনোপ্রি ও ই. লেক্লের্কের মতো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি মাসের শুরুতে ইউরোপের বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের বিভিন্ন দোকানেও একই ধরনের হামলার দ্বিতীয় ঢেউ দেখা গেছে। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ফ্রিজ বিকল হওয়ার ঘটনা ঘটেছিল, যা নিয়ে তদন্ত চলছে। যদিও বুধবার রাশিয়াপন্থী দুটি হ্যাকটিভিস্ট গোষ্ঠী দায় স্বীকার করেছে, কিন্তু সংশ্লিষ্টরা তাদের দাবিকে বিশ্বাসযোগ্য মনে করছে না। ইরান আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও, দেশটির কিছু সংবাদমাধ্যম এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।





