সৌদির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলা

Published: November 10, 2026, 3:10 am

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় অবস্থিত দেশটির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলায় পাইপলাইনটিতে সীমিত পরিসরে আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন সংশ্লিষ্ট কর্মীরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার পর সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়নি এবং তেল পরিবহন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে এ হামলার পেছনে কারা জড়িত বা কীভাবে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে সরকারি প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লড়াই যখন আরও তীব্র হচ্ছে, ঠিক তখনই পাইপলাইনটিতে আক্রমণ চালানো হলো। ইয়েমেনের হুথিরা অবশ্য অতীতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগার ও তেল সংরক্ষণাগারসহ বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার আক্রমণ চালিয়েছে।

চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি সৌদি আরবের জন্য কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে কার্গো ও তেলবাহী জাহাজ চলাচল বর্তমানে কঠোরভাবে সীমিত রাখা হয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সংকটকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প হিসেবে লোহিত সাগরে তেল পরিবহনের জন্যই সৌদি আরব এই পাইপলাইনটি ব্যবহার করে থাকে। তবে এই সংঘাত শুরুর পর থেকে পাইপলাইনটি একাধিকবার হামলার শিকার হয়েছে।

আরব উপদ্বীপের মরুভূমির বুক চিরে বিস্তৃত এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল। এর আগে গত সেপ্টেম্বর মাসে ড্রোন হামলার পর পাইপলাইনটির কার্যক্রম কয়েক দিনের জন্য স্থগিত রাখতে হয়েছিল। সে সময় সৌদি আরবের দাবি ছিল, হামলা চালানো ওই ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

হরমুজ প্রণালি দিয়ে জলপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার পর সৌদি আরব এই পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল পাঠানোর হার বাড়িয়েছে। দেশটির রাজধানী রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে স্থানান্তর করছে, যা বৈশ্বিক মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh