যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সংঘাত ‘কার্যত’ শেষের পথে। সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে এক আকস্মিক বৈঠকে তিনি এ ইঙ্গিত দেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বৈঠকে উপস্থিত ছিলেন। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ট্রাম্প দাবি করেছেন, সামরিক সক্ষমতার দিক থেকে ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। মূলত প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমনটি করা হচ্ছে।’ ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো সংঘাত আর না বাড়িয়ে বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। এর ফলে বিশ্বের অন্যতম বৃহৎ নৌ অবরোধ আপাতত অব্যাহত থাকবে।
সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও ট্রাম্প বলেন, ‘সামরিক পদক্ষেপ নেওয়া এখন খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে আমরা যেকোনো সময় পদক্ষেপ নিতে প্রস্তুত।’ তিনি আরও দাবি করেন, ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য এখন ইরানের হুমকি থেকে আগের তুলনায় অনেক বেশি নিরাপদ এবং সংঘাতের অবসানের দিকে অগ্রগতি হচ্ছে। তবে ইরান এখনো অঞ্চলটিতে ‘একটু হলেও দাপুটে শক্তি’ হিসেবে রয়ে গেছে বলে তিনি মনে করেন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, ওই বৈঠকে তিনি ট্রাম্পের কাছে যুদ্ধ অবসানে ইরানের পক্ষ থেকে দেওয়া দুই দিনের একটি প্রস্তাব তুলে ধরেছেন।
অন্যদিকে, ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ইরানি কর্মকর্তারা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াশিংটনকে ‘মরয়া জুয়াড়ি’ হিসেবে অভিহিত করে কাল্পনিক আলোচনার নামে ভুয় খবর ছড়ানো বন্ধের আহ্বান জানান। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এমন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চেয়েছেন। তেহরান আরও আলোচনায় আগ্রহী হলেও কোনো ধরনের চাপ বা শক্তি প্রয়োগের কাছে আত্মসমর্পণ করবে না বলে তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায় এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়। গত নয় মাস ধরে চলমান এই সংঘাতের মধ্যে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপে ‘সীমিত হামলা’ চালানোর ঘোষণা দিয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।





