রাজধানীর ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার ধারাবাহিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তারা মনে করেন, এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়।
নেতৃদ্বয় সতর্ক করে দিয়ে বলেন, পতিত ও পরাজিত শক্তি নানা অপকৌশল অবলম্বন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। জুলাই মাসে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের আকাঙ্ক্ষাকে যারা আগুন, বোমা ও আতঙ্কের রাজনীতির মাধ্যমে বাধাগ্রস্ত করতে চায়, তাদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। ফ্যাসিবাদী পরাজয়ের প্রতিশোধ নিতে সাধারণ মানুষের জীবন ও সম্পদকে ঝুঁকির মুখে ফেলার সুযোগ দেওয়া হবে না।
বাসে আগুন দিয়ে যাত্রী, শ্রমিক ও পরিবহন খাতকে আতঙ্কিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন তারা। এবি পার্টির পক্ষ থেকে এসব নাশকতার সাথে জড়িত ব্যক্তি, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
পাশাপাশি, নাশকতা দমনের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক প্রতিহিংসা বা হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন। দেশের আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠাকেই বর্তমান সময়ের সবচেয়ে জরুরি কাজ হিসেবে উল্লেখ করেন তারা। কোনো ষড়যন্ত্র বা অপশক্তির নাশকতার কাছে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পরাজিত হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবি পার্টির নেতৃবৃন্দ।





